নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের প্রস্তাবিত নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধবী হলে স্থপতি ইকবাল হাবিব ও ইশতিয়াক জহির পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নতুন ভবনের নানা দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় প্রস্তাবিত আটতলা ভবনটির নানা দিক তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।