প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় হাওরবাসী

৭০ বছরের বৃদ্ধ অক্ষয় সরকার বাড়ির আঙিনা পরিষ্কার করছেন। আর তাঁর স্ত্রী সনকা রানি সরকার (৬৫) মাটি দিয়ে ঘরের বারান্দা ও চারপাশ লেপছেন। পাশের বাড়ির গৃহবধূ হেলেন সরকার (৩৮) পানি দিয়ে মাটি ভিজিয়ে বাড়ির উঠান লেপছেন। সঙ্গে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু তিথি সরকার সাহায্য করছে মাকে।
বুধবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী নগর ইউনিয়নের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১০-১২টি বাড়িতে গিয়ে এসব দৃশ্য দেখা গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওই এলাকার মানুষের মধ্যে প্রত্যাশা আর আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরী উপজেলার বোরো ফসল তলিয়ে যায়। হাওরের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আসছেন। খালিয়াজুরী কলেজমাঠে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন। পরে তিনি নৌপথে নগর ইউনিয়নের বল্লভপুর এলাকা পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে নিজেদের জন্য আশীর্বাদ মনে করছেন নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষ। তাদের প্রত্যাশা, কৃষকের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর মুখ থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে। তাই অভাবের মধ্যেও খুশির বন্যা বইছে তাদের মনে। বল্লভপুর গ্রামের এক গৃহবধূ বলেন, ‘এত দিন যাঁকে ভোট দিয়ে আসছি, তাঁকে এবার সরাসরি দেখার সৌভাগ্য হবে। এতে নিজেদের গর্বিত মনে হচ্ছে। খুব খুশি লাগছে। তাই ঘর পরিষ্কার করছি।’
সিদ্দিকুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মালতি সরকার বলে, ‘আমাদের উপজেলাটি খুব অবহেলিত। এখানে প্রায় সবাই দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রধানমন্ত্রীর কাছে আশা, তিনি যেন এ এলাকার উন্নয়ন করেন। আমাদের সবার পড়ালেখার সুযোগ করে দেন।’
ওই গ্রামের কৃষক উপানন্দ সরকার (৫৫) প্রথম আলোকে বলেন, গ্রামের মহাজনদের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ করে বোরো আবাদ করেছিলেন। আগাম বন্যায় সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, প্রতিবছর হাওরে ক্ষতি হলেই নানা প্রকল্পের কথা শোনেন তাঁরা। কিন্তু কাজ কিছুই হয় না। এবার তাঁরা প্রধানমন্ত্রীর কাছ থেকে হাওর রক্ষার ঘোষণা চান।
নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরিধন সরকার বলেন, তাঁর ইউনিয়নে ১৫টি গ্রামের মধ্যে চানপুর ছাড়া আর কোনো গ্রামে প্রতিরক্ষা বাঁধ নেই। এতে ঢেউয়ের চাপে গ্রামগুলো ভেঙে যাচ্ছে। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আগমন হাওরবাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে।’

সম্প্রতি খালিয়াজুরীতে ছোট-বড় ৮৯টি হাওরের বাঁধ ভেঙে পানি ঢুকে ২০ হাজার ৭০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এতে অন্তত ৩০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ৮৬টি ইউনিয়নের মধ্যে ৬৯টি ইউনিয়নে পানিতে ৭৯ হাজার ৭১০ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ধানের পর পানি দূষিত হয়ে হাওরের মাছও মরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ১৬ হাজার ১২০টি জেলে পরিবার। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ২ কোটি ৭৫ লাখ নগদ টাকা ও ২ হাজার ২৯২ মেট্রিক টন ভিজিএফ ও জিআর চাল দেওয়া হয়েছে। এ ছাড়া জেলায় ৭২টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে প্রতিদিন দুই মেট্রিক টন করে ওএমএসের চাল বিক্রি করা হচ্ছে।