প্রধানমন্ত্রীর কাছে বাস্তবায়নের দাবি জানানো হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক দশক ধরে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরের সময় তাঁর কাছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সাংসদদের পক্ষ থেকে দাবি জানানো হবে।রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এ কথা জানিয়েছেন।রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী মানুষসহ বিভিন্ন পেশার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সভা-সমাবেশ, মিছিল, আলোচনা সভা, সেমিনার, গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণসংযোগ ও সিম্পোজিয়াম করছে।২০০২ সালের ৮ জুলাই রাজশাহীতে প্রথম আলো ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনার পর থেকেই তিন জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে সংগঠিত আন্দোলনের সূত্রপাত হয়। সর্বশেষ গত বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এরপর ঢাকা প্রেসক্লাবের সামনেও মানববন্ধন শেষে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হয়। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, একটি স্বার্থান্বেষী মহল চায় না, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়িত হোক। সরকারের কৃষিমন্ত্রী ও উচ্চপর্যায় প্রকল্পটি বাস্তবায়নের উপযোগিতা উপলব্ধি করলে এটি আলোর মুখ দেখবে।এ প্রসঙ্গে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, প্রকল্পটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে তিনি রাজশাহীতে আগত প্রধানমন্ত্রীকে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানাবেন।