প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসছেন। এ উপলক্ষে হাকালুকি হাওরপাড়ের লোকজনের পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বেলা তিনটায় তিনি বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে জুড়ীবাসী উত্ফুল্ল। আমরা প্রধানমন্ত্রীর কাছে জুড়ীকে পৌরসভা ঘোষণাসহ উপজেলা সদরে অবস্থিত প্রাচীনতম বিদ্যাপীঠ জুড়ী মডেল উচ্চবিদ্যালয় ও তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজকে সরকারীকরণের দাবি জানাচ্ছি।’ হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওর বিস্তৃত। এটি দেশের বৃহত্তম হাওর। ১৯৯৯ সালে সরকার এ হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। হাওরের অধিকাংশ বিল এবং এর সঙ্গে যুক্ত কুশিয়ারা, জুড়ী ও কণ্ঠিনালা নদীর পলিতে ভরাট হয়ে নাব্যতা গেছে। দীর্ঘদিন ধরে এসব বিল-নদী পুনঃখনন হচ্ছে না। আগাম পাহাড়ি ঢলে হাওরের পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে নষ্ট হয়। পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাওরপাড়ের বিভিন্ন এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষায় আফালে (ঢেউ) হাওর তীরবর্তী বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।’
সিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘দেশের পাঁচটি জেলার হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সরকার গত বছরের (২০১২) জুন মাসে ৯৪৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করে। অথচ ওই প্রকল্পে মৌলভীবাজার ও সিলেট জেলাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে আমরা হতাশ হয়েছি।’