প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকদের আবেদন

সরকারস্বীকৃত দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছেই। গতকাল বৃহস্পতিবার কর্মসূচির তৃতীয় দিনেও সরকার থেকে কোনো সাড়া পাননি আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা। অবস্থান কর্মসূচির পাশাপাশি এ দিন দাবিসংবলিত একটি আবেদনপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হয়েছে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। প্রেসক্লাবের ফুটপাত ও রাস্তার কিছুটা অংশজুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে সারা দেশের শত শত শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মাহমুদুন্নবী প্রথম আলোকে বলেন, তাঁরা এখন
আমরণ অনশনের কথা চিন্তা করছেন। আজ শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি বলেন, গতকাল দুপুরে দাবিসংবলিত আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারের কাছে দেওয়া হয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া একাধিক শিক্ষক বলেছেন, তাঁদের অনেকে ১০ থেকে ২২ বছর পর্যন্ত চাকরি করছেন। সব শর্ত মানা সত্ত্বেও এমপিওভুক্ত করা হচ্ছে না। সরকার থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে কষ্টে সংসার চালাচ্ছেন। আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষক বিশেষ করে নারী শিক্ষকদের কান্না করতে দেখা গেছে। শিক্ষকেরা বলছেন, এবার দাবি না মানা পর্যন্ত তাঁরা বাড়ি ফিরে যাবেন না।
সারা দেশে সরকারস্বীকৃত নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৫ হাজার ২৪২টি। এগুলোতে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭৫ হাজার থেকে ৮০ হাজার। এসব শিক্ষক-কর্মচারী সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, এমপিওভুক্ত করার জন্য তিনি ও তাঁর শিক্ষা মন্ত্রণালয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এ জন্য প্রতিবছর বাজেট রাখতে হবে। তাই এটা কেবল শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার নয়, এতে অর্থ মন্ত্রণালয় জড়িত। এ বিষয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ ও চাপ দিয়ে যাচ্ছেন। কোন নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত হবে, সেটা ঠিক করতে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা যে নীতিমালা করে দেবে, সেই অনুযায়ী কাজ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।