রাষ্ট্রপতির কাছে উত্থাপিত বিরোধী দলের বক্তব্য ও দাবি খুব শিগগির বঙ্গভবন থেকে সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হবে। গতকাল বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিরোধী দলের বক্তব্য সরকারপ্রধানের কাছে পাঠানো হয়নি বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।রোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে। প্রতিনিধিদলের সদস্যরা সংলাপের মাধ্যমে সমঝোতার উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না বলে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে তাঁর পক্ষে সম্ভব সবকিছু করার আশ্বাস দেন। বিরোধী দলের দাবি সরকারের কাছে পাঠাবেন বলেও তিনি জানিয়েছেন।
নাম প্রকাশ না করার সূত্রে বঙ্গভবন থেকে একটি সূত্র জানায়, মাত্র এক দিন আগে বিরোধী দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হয়েছে। খুব দ্রুততম সময়েই বঙ্গভবন থেকে সরকারের কাছে বিরোধী দলের বক্তব্য পাঠানো হবে।
এদিকে বিরোধী দল রাষ্ট্রপতির কাছে সংলাপে সমঝোতার দাবি জানালেও সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে। নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধানের বাইরে সরকার যাবে না। অর্থাত্ শেখ হাসিনা সরকারের অধীনই নির্বাচন হবে। বিরোধী দলের সঙ্গে আলোচনার ব্যাপারে সরকারের আর কোনো উদ্যোগ বা আগ্রহ নেই।
রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের বৈঠকের পর আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই টেলিফোনে বিরোধীদলীয় নেতাকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আর কোনো মাধ্যম ধরে আলোচনার দাবি জানানোর প্রয়োজন নেই। তাঁরা এলেই আমরা আলোচনার জন্য প্রস্তুত।’
অবশ্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠককে সরকার ইতিবাচক হিসেবে দেখছে। তাঁদের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ কারণেই মন্ত্রিসভা পুনর্গঠন এবং দপ্তর বণ্টনে বিলম্ব হচ্ছে।