শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।
বিধান অনুসারে শিল্পমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও কমিশন তা না করে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। অর্থাৎ নিজেরা কোনো পদক্ষেপ না নিয়ে নালিশ জানাল ইসি।
২৩ মার্চ কমিশন সচিবালয় থেকে এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ২১ মার্চ শিল্পমন্ত্রী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামানকে একটি জনসভায় পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে ভোট চান। বিষয়টি উপজেলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধির ২৫ ধারায় বলা আছে, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
কমিশন সচিবালয় সূত্র আরও জানায়, যেসব জায়গায় ভোট জালিয়াতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কমিশন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। একই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, যেসব ভোট গ্রহণ কর্মকর্তা ভোট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তাদের প্রাথমিক তালিকা তৈরি করা হচ্ছে।