বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ১৪ মার্চ আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা মানুষকে হতাশ করেছে। তিনি যেভাবে বক্তৃতা দিয়েছেন, তাতে মনে হয়েছে, তিনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে বক্তৃতা দিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নন। নতুন প্রজন্ম দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে সত্য কথা প্রত্যাশা করে।গতকাল শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িসংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস হয়নি। মানুষ খুন হয়নি। এর চেয়ে জলজ্যান্ত অসত্য কথা আর কিছু হতে পারে না। গত এক মাসের মধ্যে সাংবাদিক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী রুনীকে খুন করা হয়েছে। সৌদি দূতাবাসের কর্মকর্তাকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী বোধ হয় এসব ঘটনা ভুলে গেছেন।মওদুদ আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় শালীনতারও প্রচণ্ড অভাব ছিল। তিনি বেশির ভাগ সময় বিরোধী দলের নেতা ও তাঁর পরিবার সম্পর্কে অনেকটা ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি দেশবাসীর কাছে তাঁর নিজের ভাবমূর্তি এবং মর্যাদা ক্ষুণ্ন করেছেন।