প্রধানমন্ত্রীর কাছে সময় প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত চিকিৎসক, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।
গতকাল শুক্রবার প্রশ্ন ফাঁস-বিষয়ক গণতদন্ত কমিটির শুনানিতে এই অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা প্রমাণ উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে ১০ মিনিট সময় চান।
শুনানির শুরুতে গণতদন্ত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘শুরু থেকে কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে আসছে এবং দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। এতে করে এই ঘটনার সঙ্গে উচ্চপদস্থ কেউ জড়িত কি না প্রশ্ন ওঠে। শিক্ষার্থীরা আমরণ অনশনে বসায় তাঁদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এ কারণে সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে নাগরিকদের মধ্য থেকে সত্যাসত্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।’ তিনি বলেন, শুনানিতে অংশ নিতে তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), ঢাকা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করেছেন। আগামী ৫ তারিখ পর্যন্ত এই সংস্থাগুলোর প্রতিনিধিরা যখন যেখানে বসতে চান সেখানেই কমিটি বসতে রাজি আছে।
গণতদন্ত কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, চিকিৎসক শাকিল আক্তার, সাংবাদিক আবু সাঈদ খান, শিক্ষাবিদ এ এন রাশেদা, আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া, প্রযুক্তিবিদ ফিদা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হুদা বলেন, তিনি এ ধরনের কোনো আমন্ত্রণ পাননি। পেলে আলোচনায় বসবেন কি না জানতে চাইলে বলেন, অংশগ্রহণ করার আইনগত বাধা থাকতে পারে।
শুনানিতে টাকার বিনিময়ে প্রশ্ন কিনেছেন এমন একজন শিক্ষার্থীর কথোপকথন শোনান একজন শিক্ষার্থী।
টাকার বিনিময়ে প্রশ্ন পেয়েছেন এমন এক শিক্ষার্থী শুনানিতে হাজির ছিলেন। তাঁর পক্ষ থেকে একজন বলেন, ছাত্রটি ছয় লাখ টাকা দিয়ে প্রশ্ন কেনার জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তির প্রমাণ হিসেবে যাঁরা প্রশ্ন পাইয়ে দিয়েছেন তাঁদের কাছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ও প্রবেশপত্রের অনুলিপি জমা রাখতে হয়েছিল। ভর্তির সুযোগ পাওয়ার পর তাঁরা আট লাখ টাকা দাবি করছেন এবং কাগজপত্র ফেরত দিচ্ছেন না।
মনিরুল আলম ভূঁইয়া নামের একজন অভিভাবক বলেন, ‘প্রধানমন্ত্রী দয়া করে আমাদের ১০টা মিনিট সময় দিন। আমরা আপনার কাছে সব প্রমাণ দেব।’ শুনানিতে এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার দিন সকালে একটি ফেসবুক পেজে প্রশ্ন পাওয়া যায়। ফেসবুক আইডিটি তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন। কোনো প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার সঙ্গে যুক্ত।
শুনানিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মা কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমার মেয়ে রাত জেগে পড়াশোনা করত। আমি প্রাণিবিদ্যা পারি না। মেয়েকে উৎসাহ দিতে আমিও প্রাণিবিদ্যা পড়তাম ওর সঙ্গে। প্রশ্ন ফাঁস যারা করে তাদের ফাঁসি হওয়া উচিত।’