প্রধানমন্ত্রীর কাছে সুনামগঞ্জবাসীর প্রধান দুই দাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুনামগঞ্জ জেলাবাসীর প্রধান দাবি হচ্ছে—হাওরের ফসল রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ ও সুনামগঞ্জ-সিলেট সড়ককে মহাসড়কে উন্নীত করে সংস্কারসহ জেলার অবহেলিত যোগাযোগব্যবস্থার উন্নয়ন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবির কথা তুলে ধরেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।প্রধানমন্ত্রী আজ বুধবার সুনামগঞ্জে আসবেন। তিনি তাহিরপুর উপজেলায় ফসলহারা কৃষকদের মধ্যে কৃষি উপকরণ-সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন। সাংসদ মতিউর রহমান জানান, সুনামগঞ্জের হাওর এলাকার মানুষেরা একটি ফসলের ওপর নির্ভরশীল। এই ফসলের ওপরই তাঁদের সবকিছু নির্ভর করে। এ ছাড়া জেলার প্রধান সড়ক সুনামগঞ্জ-সিলেট সড়কের অবস্থা খুবই খারাপ। ১৪টি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের নেতা মতিউর রহমান, হায়দার চৌধুরী, সিরাজুর রহমান, আবুল কালাম, বেলায়েত হোসেন, মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক ইশতিয়াক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।