প্রধানমন্ত্রীর কাছেই সমাধান দেখছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়েছে। এদিন কোথাও ক্লাস হয়নি। তবে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মনে করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বললেই তাঁদের সমস্যার সমাধান হয়ে যাবে।
যদিও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, গতকাল পর্যন্ত শিক্ষকদের দাবির বিষয়ে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলা হলেও মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, বেতন নির্ধারণের কাজ অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয় এর আগেই বলে দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন, ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কোথাও গতকাল ক্লাস হয়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা কোনোটাই হয়নি।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ঘুরে দেখা যায়, আগের দিনের মতোই ক্লাস বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শিক্ষকেরা নিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল ক্লাস-পরীক্ষা হয়নি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বহাল রাখা, গ্রেড সমস্যা নিরসন এবং পৃথক বেতন স্কেলের দাবিতে আট মাস ধরে আন্দোলনের ধারাবাহিকতায় গত সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংগঠনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ ও মহাসচিব এ এস এম মাকসুদ কামাল। বৈঠক শেষে জানতে চাইলে দুই শিক্ষকনেতা সাংবাদিকদের বলেন, তাঁদের আন্দোলন চলবে। তবে তাঁরা সমস্যার সমাধান হবে বলে আশাবাদী।
গত রাতে যোগাযোগ করা হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠলেও তা কীভাবে সহজ করা যায়, সে বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন।
গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরা তার প্রতিবাদ করছি না। উনি যদি আমাদের কথা শুনতেন, তবে এ ধরনের বক্তব্য দিতেন না। তিনি যেগুলো বলছেন সেগুলো একপেশে মন্তব্য। শিক্ষকেরা তাঁর বক্তব্যে মর্মাহত ও লজ্জিত। আমরা বেতন-ভাতা বৃদ্ধি চাচ্ছি না। আমরা আমাদের সম্মানের জায়গা অক্ষুণ্ন রাখতে কর্মবিরতি পালন করছি।’
লাগাতার কর্মবিরতি শুরুর দিন গত সোমবার রাজধানীতে এক জনসভায় শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিক্ষকদের জন্য আরও কিছু করার থাকলে সরকার সেটা অবশ্যই বিবেচনা করবে। ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ করবেন না। ক্লাস না নিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ করলে তারা তা মেনে নেবে না।’
অধ্যাপক ফরিদ প্রশাসন ক্যাডারকে ইঙ্গিত করে বলেন, ‘আজকে যাঁরা আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন, আমরা তাঁদের প্রতিপক্ষ হিসেবে মনে করি না। তাঁদের সঙ্গে আমাদের তুলনা কীভাবে করবেন? কারণ, আমরাই তাঁদের জন্ম দিচ্ছি। কারও সঙ্গে কারও তুলনা হয় না, সবাই সবার জায়গায় স্বতন্ত্র।’
এ সময় ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমরা মর্যাদা রক্ষার আন্দোলন চালিয়ে যাব।’
আন্দোলনে সংহতি প্রকাশ: শিক্ষকদের আন্দোলনে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল দুপুরে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের চলমান আন্দোলনের দাবি অবিলম্বে মেনে নিতে হবে।
ছাত্র ফ্রন্ট শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল এক বিবৃতিতে অবিলম্বে অষ্টম জাতীয় বেতনকাঠামোর বিদ্যমান বৈষম্য-অসংগতি-অবনমন দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির কর্মবিরতি: ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক এবং ২৬টি বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে এই কর্মবিরতি চলছে। কর্মবিরতি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।