প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রায় বাধা
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ছাত্র ইউনিয়নের যাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এতে সংগঠনটির কয়েকজন কর্মী আহত হন। সেখানে ছাত্র ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেন।
নারী নির্যাতন, খুন ও ধর্ষণের বিরুদ্ধে আগামী ২ এপ্রিল বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রীতিলতা ব্রিগেড সেল লাঠি মিছিল করবে। ওই কর্মসূচিতে সমর্থন দিয়েছে ছাত্র ইউনিয়ন।
৩ এপ্রিল সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটেও ছাত্র ইউনিয়ন সর্বাত্মক সমর্থন দিয়েছে।