প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও লংমার্চ, রোডমার্চের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, আগামী দুই মাসে তিনটি রোডমার্চ ও প্রতিবেশী দেশ মিয়ানমার অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে আয়োজিত মহাসমাবেশে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির আমির সৈয়দ মো. রেজাউল করিম।আল্লাহ ও রাসুলের (সা.) বিরুদ্ধে কটূক্তিকারী কথিত নাস্তিক ব্লগাদের গ্রেপ্তার, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে আইন পাস, সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন ও মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন এই মহাসমাবেশ করে। এসব দাবির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল ঢাকা থেকে কুয়াকাটা; ১৩, ১৪ ও ১৫ মে ঢাকা থেকে তেঁতুলিয়া, ২ ও ৩ জুন ঢাকা থেকে সিলেট অভিমুখে রোডমার্চ, মিয়ানমারের মুসলিমদের ‘গণহত্যার’ প্রতিবাদে ৪ এপ্রিল ঢাকায় জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং ৮ ও ৯ মে মিয়ানমার অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর।এ ছাড়া দলটি ৫ এপ্রিলের মধ্যে কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে শাস্তির উদ্যোগ না নিলে ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ডাকা ঢাকা অভিমুখী লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে।সারা দেশ থেকে আসা ইসলামী আন্দোলনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁদের দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মহাসমাবেশে অংশ নেন। ফেডারেশন ভবনের সামনে তৈরি করা মঞ্চ থেকে শুরু করে দৈনিক বাংলার মোড় ও আশপাশের এলাকা ভরে যায়। পুলিশ সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর থেকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদ বলেন, ‘আমাদের নিয়ে অনেকের মধ্যে দ্বিধা-সন্দেহ আছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। ইসলাম যা অপছন্দ করে, আমরাও তা অপছন্দ করি। আজ ১৪ দলের সঙ্গে গেলে আমাদের নাস্তিকদের সঙ্গে সুর মেলাতে হতো। ১৮ দলে গেলে হরতাল, জ্বালাও-পোড়াও, দুর্নীতির শরিক হতে হতো। নারী নেতৃত্ব গ্রহণ করতে হতো।’ তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের ভাইয়েরা আমাদের ওপর অখুশি কেন? আপনারা মওদুদীর মতবাদ পরিহার করে আসুন, তাহলে আমরা সমর্থন দেব।’দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, ‘কয় দিন আগে স্মারকলিপি দিতে গেলে জাতীয় সংসদের স্পিকার আমাদের বলেছেন, কিছু নাস্তিক মন্ত্রী নিয়ে আওয়ামী লীগের ভেতরেও অস্বস্তি আছে। আমরা তাঁদের অপসারণ চাই।’চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শাহবাগ আন্দোলনের কড়া সমালোচনা করে কথিত নাস্তিক ব্লগারদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ব্লগে কটূক্তিকারীদের ধরার জন্য প্রচারের প্রয়োজন হয়নি। এখন নাস্তিকদের ধরিয়ে দেওয়ার জন্য এত প্রচারের নাটক কেন?’সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামী কেবল ইসলাম ও মানবতার জন্য অশনিসংকেতই নয়, দেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রেও বড় বাধা। জামায়াত “ইসলাম” করে করে কেয়ামত হয়ে যাবে, ইসলাম কখনো বিজয় হবে না।’সমাবেশে আরও কয়েকজন নেতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন। এতে আরও বক্তব্য দেন দলটির নেতা মোস্তফা আল হোসাইনী, নুরুল হুদা ফয়েজী, এ টি এম হেমায়েত উদ্দিন, মাহবুবর রহমান, গাজী আতাউর রহমান, মমতাজুল করিম প্রমুখ।