নারায়ণগঞ্জে নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রিফউর রাব্বি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ত্বকী হত্যার বিচারকাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে৷ যে কারণে চাঞ্চল্যকর এই হত্যা মামলার অভিযোগপত্র এখনো দেওয়া সম্ভব হয়নি৷ গত মার্চ মাসে মামলার তদন্তকারী সংস্থা র্যাব বলেছিল, অভিযোগপত্র দিয়ে দেবে৷ কিন্তু এখনো তারা সেটি দিতে পারেনি৷
গতকাল শুক্রবার বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত এক সমাবেশে রফিউর রাব্বি এ অভিযোগ করেন৷ নারায়ণগঞ্জসহ সারা দেশে একের পর এক গুম, অপহরণ ও খুনের ঘটনার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশ শেষে মিছিল বের করা হয়৷ মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়৷
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, দেশে গুম ও খুনের দায় প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না৷ তিনিই এসব ঘটনার পৃষ্ঠপোষকতা করছেন৷ নারায়ণগঞ্জের গডফাদারদের ব্যাপারে সবাই জানলেও তিনি জানেন না৷ উল্টো তিনি ত্বকীর খুনি নারায়ণগঞ্জের গডফাদার পরিবারকে পৃষ্ঠপোষকতা করছেন রাষ্ট্রীয়ভাবে৷ ‘সন্ত্রাসী যে-ই হোক, তার বিচার করা হবে’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে তাঁর কাজের মিল নেই৷সাত খুনের মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, ‘নূর হোসেন প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি করে তার অংশ এসপি, ডিসি, এমপি, মন্ত্রী ও উপদেষ্টাদের দিতেন৷ নারায়ণগঞ্জে আর যেন নতুন করে কোনো নূর হোসেনের জন্ম না হয়, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে৷ রাজনৈতিক মদদে ও প্রশাসনের সহায়তায় নূর হোসেন ভয়াবহ দানবে পরিণত হয়েছিলেন৷’ত্বকী মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, ‘শুধু সিদ্ধিরগঞ্জেই নয়, নারায়ণগঞ্জের প্রতিটি থানা এলাকায় অসংখ্য নূর হোসেনের সৃষ্টি হয়েছে৷ সব নূর হোসেনকে আইনের আওতায় আনতে হবে৷’ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের কারণে যাতে ত্বকী, চঞ্চলসহ অন্যান্য মামলার তদন্তকাজ থমকে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে৷ এসব হত্যা মামলায় দ্রুত অভিযোগপত্র দিতে তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন৷