প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়াল টপকে প্রবেশ, আসামি রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগে করা মামলায় এক তরুণকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
তেজগাঁও থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল শুক্রবার এই আদেশ দেন।
ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান আজ শনিবার প্রথম আলোকে বলেন, বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে রাসেলের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় আদালতের অনুমতি নিয়ে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে আসল রহস্য বের হবে।
২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর গেটের মাঝ বরাবর কাঁঠালগাছে উঠে ভেতরে প্রবেশ করার সময় নিচে পড়ে যান শেখ রাসেল। এ ঘটনায় তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি শেখ রাসেল সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়াল থেকে ভেতরে পড়ে আহত হন। পড়ে থাকা অবস্থায় রাসেলকে এসপিবিএনের সহায়তায় এসএসএফ (অপারেশন) অফিসে নিয়ে যায়। খবর পেয়ে বাদী পুলিশের এএসআই মিজানুর রহমান এসপিবিএনের অফিসে যান। তখন আসামি রাসেলকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। আসামি শেখ রাসেলকে গতকাল ঢাকার আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান ঢাকার আদালতকে এক প্রতিবেদন দিয়ে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে আসামি শেখ রাসেলকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসক। যে কারণে আসামিকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কোনো প্রশ্নের উত্তর না দেওয়ায় আসামি রাসেলকে পরে থানায় নিয়ে আসা হয়। পরে বিভিন্ন সংস্থার লোকজন রাসেলকে জিজ্ঞাসাবাদ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় একটি গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত অফিস। অপরাধমূলক কাজের উদ্দেশ্যে দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকেছেন বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদ করলে রাসেল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। তবে সংরক্ষিত এলাকায় বিনা অনুমতিতে ঢোকার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয়। একেক সময় একেক ধরনের কথাবার্তা বলেন।
তদন্ত কর্মকর্তা এসআই ফারুক খান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল জানান যে তিনি নারায়ণগঞ্জে একটা গার্মেন্টসে চাকরি করেন। জিজ্ঞাসাবাদ শেষ হলে জানা যাবে কেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেছিলেন।