প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বৈঠক
সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সৃষ্ট জটিলতা নিরসনের জন্য এবং যথাসময়ে পদোন্নতির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে। তাই প্রস্তাবিত কাঠামো অতিসত্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ক্যাডারের বাইরের সংস্থা ও দপ্তরের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বৈঠকে এসব আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সদস্যসচিব ফিরোজ খান, সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, প্রকৌশলী আব্দুস সবুর, মোবারক আলী, স. ম. গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে উপজেলা পরিষদ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।
অষ্টম বেতন স্কেলের মাধ্যমে সৃষ্ট সরকারি প্রথম শ্রেণির চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ক্যাডার-নন ক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। এ ছাড়া নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত প্রেষণ প্রথা ক্রমান্বয়ে বিলোপ করার বিষয়ে ঐকমত্য হয়।