প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলা স্থগিতের আবেদন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন গতকাল রোববার রিট আবেদনটি করেন। এতে সরকারের গেজেট জারির পরিবর্তে ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৭ গঠন এবং মামলার চলমানপ্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনসচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ও মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে বিবাদী করা হয়।রিট আবেদন থেকে জানা যায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধিত ২০১০)-এর ৮(১) ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি করে দ্রুত বিচার আদালত গঠন এবং অধিক্ষেত্র নির্ধারণ করবে সরকার। একই সঙ্গে ৮(২) অনুযায়ী, সংশ্লিষ্ট আদালতে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। কিন্তু এ ক্ষেত্রে আইনের এ ধারা অনুসরণ না করে সিএমএম গত ৯ মে এক আদেশে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহকে দ্রুত বিচার আদালত-৭-এর দায়িত্ব দিয়েছেন ও চারটি অধিক্ষেত্র নির্ধারণ করেছেন, যা বেআইনি।পুলিশ ২৯ এপ্রিল তেজগাঁও থানায় ওই মামলা করে।