প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউএনবির প্রতিবেদন, ড. কামালের প্রতিবাদ’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদ সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের দেওয়া প্রতিবাদলিপি সত্যের অপলাপ এবং ইতিহাস বিকৃতির হীন অপচেষ্টা মাত্র৷
প্রকৃত সত্য হচ্ছে, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যার সময় বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন সরকারি সফরে তদানীন্তন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ছিলেন৷ ১৬ আগস্ট তিনি জার্মানিতে আসেন৷ বনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরীর বাসায় তিনি যাত্রাবিরতি করেন৷ সেই বাসায় তখন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন৷
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, ড. কামালের প্রতিবাদে বলা হয়েছে, বঙ্গবন্ধুর দুই কন্যার রাজনৈতিক আশ্রয় প্রসঙ্গে তিনি যুগোস্লাভিয়া সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন৷ কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে জার্মানিতে সাক্ষাতের সময় এ বিষয়ে তিনি তঁাদের কিছুই জানাননি৷ বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যা করা হলো৷ কামাল হোসেন ১৬ আগস্ট জার্মানিতে আসেন৷ যুগোস্লাভ সরকারের সঙ্গে কখন কথা বললেন?
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবাদপত্রে আরও বলা হয়, হুমায়ুন রশীদ চৌধুরীর জার্মানির বাসায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ড. কামালের হাত ধরে বারবার অশ্রুসিক্ত অনুরোধ করার পরও তিনি ওই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কোনো সংবাদ সম্মেলন করতে রাজি হননি বা কোনো প্রতিবাদও করেননি৷
১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী নির্বাচিত হন৷ সে সময়ও ড. কামালের ভূমিকা ছিল বিতর্কিত৷ যদিও শেখ হাসিনা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর তিনি লোক দেখানো আনুগত্য প্রকাশ করতে দিল্লি গিয়েছিলেন৷
প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার উদারতা ও মহানুভবতার কারণে কামাল হোসেন ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন৷ তখন জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা কামাল হোসেনের পক্ষে দেশের আনাচকানাচে সভা-সমাবেশ করেছেন৷ প্রতিদানে ড. কামাল ১৯৯২ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ ভেঙেছেন৷