রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার রক্ষা করতে পারেনি— যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকার এই সম্পাদকীয় মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই সম্পাদকীয় মন্তব্যটি ২০ আগস্ট প্রথম আলোয় ছাপা হয়েছে।প্রতিবাদপত্রে বলা হয়, নিউইয়র্ক টাইমস-এর এই মন্তব্য অযাচিত ও উদ্দেশ্যমূলক। একটি বিদেশি পত্রিকার তথ্যভিত্তিক নয় এমন সম্পাদকীয় মন্তব্য পুনর্মুদ্রণের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এর সত্যতা যাচাই না করা অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী। প্রধানমন্ত্রীর কার্যালয় এ ধরনের ভিত্তিহীন মন্তব্য প্রত্যাহার করে সত্য সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছে।প্রতিবাদপত্রে প্রথম আলোর সম্পাদকের উদ্দেশে বলা হয়, রানা প্লাজায় নিহত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার এ পর্যন্ত যে নজিরবিহীন ও সহানুভূতিশীল ব্যবস্থা নিয়েছে, তা আপনার পত্রিকাসহ দেশের সব দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া ফলাও করে প্রচার করেছে। অনেক পরিবার এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি বলে নিউইয়র্ক টাইমসে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। পর্যায়ক্রমে নিহত সবার পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী চেক তুলে দিয়েছেন এবং গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং অনেককে চাকরিতে পুনর্বাসন করা হয়েছে।২২ দিন ধরে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধারে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার ব্রিগেড, স্বেচ্ছাসেবক, সরকারদলীয় নেতা-কর্মী ও জনগণ যে আন্তরিক পরিশ্রম করেছে, তা নজিরবিহীন এবং গণমাধ্যম যেভাবে তা সরাসরি সম্প্রচার করেছে, তা অভূতপূর্ব। নিউইয়র্ক টাইমস এ সত্যকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।