প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি মাহামুদুর রহমান আর নেই
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বীর মুক্তিযোদ্ধা মাহামুদুর রহমান (৬৪) মারা গেছেন। আজ শনিবার ভোর ৫টা ৩৪ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহামুদুর রহমানের মৃত্যুর খবর জানান তাঁর ভাই হাবিবুর রহমান। তিনি বলেন, করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মাহামুদুর রহমান। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরগুনার-৩ আমতলী আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবর রহমান তালুকদারের মেজ ছেলে মাহামুদুর রহমান। তিনি ‘আনু মাহমুদ’ ছদ্মনামে লেখালেখি করতেন। বঙ্গবন্ধু ও অর্থনীতির বিষয়ে তাঁর লেখা বহু বই প্রকাশিত হয়েছে। যার বেশির ভাগই ছিল গবেষণাধর্মী।
মাহামুদুর রহমানের মরদেহ পটুয়াখালীতে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
ঢাকার বরগুনা জেলা সমিতি মাহামুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।