প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত তার নামানো হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত সব তার ও কেব্ল (ওভারহেড কেব্ল) কাল রোববার অপসারণ করবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব তার অপসারণ করা হবে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত সব তার রোববারের মধ্যে ভূগর্ভস্থ বিতরণ লাইনে নামানোর নির্দেশ দিয়েছে।তার অপসারণসংক্রান্ত ডিপিডিসি কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেট প্রোভাইডার, কেব্ল অপারেটরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঝুলে থাকা তার/কেব্ল ২৯ আগস্ট সিটি করপোরেশনের সহায়তায় অপসারণ করা হবে। কেব্ল অপসারণকালে কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায় ডিপিডিসি বহন করবে না।এর আগে গত ২৬ জুলাই এক সপ্তাহের সময়সীমা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের ঝুলন্ত সব তার সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।প্রসঙ্গত, রাজধানীর সড়কের পাশে বিভিন্ন কেব্ল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-আইএসপি) প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূগর্ভস্থ বিতরণ লাইন ব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে সরকার গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার এক সভায় বিভিন্ন সড়কের পাশে ঝুলে থাকা তার ও কেব্ল ভূগর্ভস্থ বিতরণ লাইনে নামানোর সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ। এতে বিভিন্ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নতুন নির্দেশ অনুযায়ী, উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের ঝুলন্ত তার নামানোর সময় ৩১ আগস্টের পরিবর্তে ৩১ সেপ্টেম্বর, উত্তরা-মতিঝিল-গুলশান (মতিঝিল হয়ে) এবং শাহবাগ-মতিঝিল পথের ঝুলন্ত তার নামানোর সময়সীমা ৩১ সেপ্টেম্বরের পরিবর্তে ৩১ অক্টোবর করা হয়েছে। এ ছাড়া সব প্রধান সড়ক থেকে দৃশ্যমান সব ঝুলন্ত তার নামানোর সময় বাড়িয়ে ৩১ নভেম্বর পর্যন্ত করা হয়েছে, আগে এ সময়সীমা ছিল ৩১ অক্টোবর।সভাসূত্র জানায়, নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেডের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় এ সময়সীমা বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে সামিটের পাইলট প্রকল্প অনুযায়ী, ৩০ কিলোমিটার ভূগর্ভস্থ বিতরণ লাইনের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হচ্ছে। অপর প্রতিষ্ঠান ফাইবার এট হোমের কাজ শেষ বলে সভায় দাবি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী।তবে সভা সূত্র জানায়, ফাইবার এট হোমের পাইলট প্রকল্পের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট থেকে শাহবাগ পর্যন্ত এলাকার কাজ এখনো শেষ হয়নি। এর কারণ হিসেবে ফাইবার এট হোমের প্রতিনিধি সভায় জানান, বর্ষা মৌসুমের জন্য সিটি করপোরেশন রাস্তা খননের জন্য দেড় গুণ বেশি ফি নির্ধারণ করায় কাজ শেষ করা যায়নি। প্রসঙ্গত, নাগরিক অসুবিধা কমানোর জন্য বর্ষায় খনন নিরুত্সাহিত করতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) এ হার আগে থেকেই বহাল রয়েছে। ফাইবার এট হোম রাজধানীজুড়ে অবকাঠামো স্থাপনের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে এবং বিভিন্ন স্থানে প্রায় ২০০ বিতরণকেন্দ্র স্থাপন করেছে।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধি সভায় জানান, ভূগর্ভস্থ বিতরণ লাইন বসানো হয়ে গেলে সব আইএসপি প্রতিষ্ঠান তাদের কেব্ল তাতে নামিয়ে দেবে।