মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন জিন্টুকে রাষ্ট্রপতি ক্ষমা করায় প্রধানমন্ত্রীর কোনো দায়দায়িত্ব নেই বলে জানিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ। এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে তোলা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলেন।জিন্টুর ফাঁসির দণ্ড মওকুফ করায় তখন সমালোচনার ঝড় ওঠে। এর জবাব দিতে ২০০৫ সালের ২৪ জুলাই নিজের দপ্তরে সংবাদ সম্মেলন ডাকেন আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি বলেছিলেন, জিন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানালে সে অনুযায়ী তার একটি সারসংক্ষেপ তৈরি করা হয়। আইন মন্ত্রণালয় ওই সারসংক্ষেপের ওপর মতামত দেয়। ওই সময় মূল নথি আইন মন্ত্রণালয়ের কাছে ছিল না বলে তিনি দাবি করেছিলেন।মওদুদ বলেছিলেন, সামরিক আদালতে বিচার হওয়ায় হাইকোর্টে আবেদন জানিয়ে এ বিষয়ে কোনো আইনি প্রতিকার পাওয়ার সুযোগ ছিল না। এ অবস্থায় জিন্টু জীবন ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি আবেদন মঞ্জুর করেন। জিন্টুর সঙ্গে সাজাপ্রাপ্ত অন্য দুই আসামির ফাঁসি হয়েছিল কি না, তা সারসংক্ষেপে উল্লেখ ছিল না বলে তিনি জানিয়েছিলেন।মওদুদ তখন আরও বলেছিলেন, ১৯৮২ সালে একটি সামরিক আদালত জিন্টুকে ফাঁসি দেন। সে সময় জিন্টু ছাত্রদলের সঙ্গে জড়িত থাকায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। যে মামলায় তাঁর ফাঁসি হয়েছিল, সেটির প্রাথমিক তথ্যবিবরণীতে তাঁর নাম ছিল না।