প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই বছরেও চালুর খবর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রায় আড়াই বছরেও খুলনার দাদা ম্যাচ কারখানা চালু হয়নি। এরও আগে থেকে কোনো বেতন-ভাতা পাচ্ছেন না কারখানার নিরাপত্তা প্রহরীরা। বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন ৩৭ জন প্রহরী। বর্তমানে চার-পাঁচজন প্রহরী ১৮ একর আয়তনের বিশাল কারখানাটি পাহারা দিচ্ছেন। এতে কারখানার কয়েক শ কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়ছে।
বিষয়টি নিশ্চিত করে কারখানার মহাব্যবস্থাপক এ এইচ এম মাহবুবুল হোসেন প্রথম আলোকে বলেন, সরকার কারখানা চালু ও বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। এখন সরকার টাকাও দিচ্ছে না, কারখানাও চালু করছে না। তাই হতাশ হয়ে অনেক প্রহরী কাজ ছেড়ে দিয়েছেন। এতে কারখানার কোটি কোটি টাকার যন্ত্রপাতি যেকোনো সময় খোয়া যেতে পারে।
১৯৫৬ সালে খুলনা নগরের রূপসা নদীর তীরে দাদা ম্যাচ কারখানার উৎপাদন শুরু হয়। ১৯৯৩ সালের শেষের দিকে কারখানাটি ৩৩ কোটি টাকায় ইজারা নেয় ভাইয়া গ্রুপ। ২০১০ সালের ১ ফেব্রুয়ারি তারা দাদা ম্যাচের উৎপাদন বন্ধ করে দেয়। ১৮ আগস্ট কারখানা বন্ধের ঘোষণা দিয়ে সব শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করে। এর পর থেকে শ্রমিক-কর্মচারীরা কারখানাটি বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণে নিয়ে চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন শুরু করে।
এমন পরিস্থিতিতে ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরের জনসভায় কারখানাটি চালুর ঘোষণা দেন। ২৩ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনার জেলা প্রশাসক কারখানার স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝে নেন। কারখানাটি বন্ধের পর থেকে নিরাপত্তা প্রহরীরা কোনো বেতন-ভাতা পাননি।
‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’: গত ১৭ জুলাই বর্তমান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন শিল্পসচিবকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, ‘বর্তমানে কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বাবদ ১২ লাখ টাকা বকেয়া রয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ৪২ জন নিরাপত্তাকর্মীর মাত্র চার পাঁচজন দায়িত্ব পালন করছেন। বেতন-ভাতা না পেয়ে তাঁরাও হতাশ হয়ে পড়েছেন। এ কারণে ১৮ একর জমির আয়তনের কারখানার কোটি কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার জানানো হলেও তারা সাড়া দেয়নি। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিতে পারায় স্থানীয় প্রশাসক তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া ভাতা, ইউটিলিটি বিল, দৈনন্দিন সংরক্ষণ ব্যয়ের বাজেট বরাদ্দসহ সুনির্দিষ্ট গাইড প্রদান করা প্রয়োজন। অন্যথায় কারখানার দায়িত্ব বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা শিল্প মন্ত্রণালয়ের নিজস্ব দপ্তরে অর্পণের ব্যবস্থা নেওয়া হোক।’
কারখানা চালুর দাবি: দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন কারখানাটি চালু হবে, হলো না। জেলা প্রশাসক দায়িত্ব নিলেন প্রহরীদের বেতন-বকেয়া দেবেন, দিলেন না। কারখানাটি বন্ধ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০ জন শ্রমিক বিনা চিকিৎসায় মারা গেলেন, সরকার বিষয়টি নিয়ে কোনো কথা বলল না। অর্থাভাবে প্রহরীরা মানবেতর জীবন যাপন করছেন।’
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের জন্য আমরা বহু বার সরকারের কাছে লিখেছি। কিন্তু সরকার তো দেয় না। এ ব্যাপারে জেলা প্রশাসকের কী করার আছে।’
সিদ্ধান্ত আর হলো না: গত ৬ জুলাই খুলনা সার্কিট হাউসে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। মন্ত্রী তাঁদের জানান, ‘দাদা ম্যাচ বিসিআইসির মাধ্যমে চালু করা হবে। কারখানাটি চালুর ব্যাপারে আমি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছি। ১১ জুলাই প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর পর প্রধানমন্ত্রী দেশে এলেও সিদ্ধান্ত নেওয়া হয়নি।