প্রধানমন্ত্রীর ঘোষণার এক বছরেও খুলনার কলকারখানা চালু হয়নি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার বন্ধ কলকারখানাগুলো চালু ও হাসপাতাল আধুনিকায়নের ঘোষণা দেওয়ার এক বছর পর মাত্র একটি পাটকল চালু ছাড়া আর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এ নিয়ে শ্রমিক-জনতার মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।নির্বাচনের আগে মহাজোট দেশের বন্ধ সব কলকারখানা চালুর ঘোষণা দিয়েছিল। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার খালিশপুরের জনসভায় খুলনার নিউজপ্রিন্ট মিলস, দৌলতপুর জুট মিলস, দাদা ম্যাচ ফ্যাক্টরি অবিলম্বে চালুর ঘোষণা দিয়েছিলেন। এ ছাড়া দৌলতপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজকে সরকারীকরণ, প্রধানমন্ত্রীর চাচা আবু নাসেরের নামে বিশেষায়িত হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে চালু ও ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, বন্ধ থাকা টেক্সটাইল মিলের জায়গায় টেক্সটাইলপল্লি স্থাপনসহ খুলনার উন্নয়নে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব প্রতিশ্রুতি খুলনাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিল।কিন্তু মহাজোট সরকারের তিন বছর এবং প্রধানমন্ত্রীর ওই ঘোষণার এক বছরে শুধু পিপলস জুট মিলকে খালিশপুর জুট মিল নাম দিয়ে চালু করা ছাড়া খুলনার অন্য কলকারখানা বন্ধই আছে।খুলনা নিউজপ্রিন্ট মিল সূত্র জানায়, অব্যাহত লোকসান ও মূলধন সংকটের কারণে ২০০২ সালের ৩০ নভেম্বর চারদলীয় জোট সরকার মিলটি বন্ধ ঘোষণা করে। এতে তিন হাজার শ্রমিক-কর্মচারী বেকার হন। মিলটি পুনরায় চালু করা-সংক্রান্ত আর্থ-কারিগরি সমীক্ষা পরিচালনার জন্য বিসিআইসি ২০০৯ সালের ২৮ মে নয় সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি আগস্ট মাসে মিল চালুর জন্য প্রায় ৩৯২ কোটি টাকা দরকার বলে উল্লেখ করে।মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন বলেন, সর্বশেষ নয় সদস্যের ফিজিবিলিটি কমিটি চালু করার ব্যাপারে কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করছে পরবর্তী ব্যবস্থা।বন্ধ দৌলতপুর জুট মিল সূত্র জানায়, নগরের খালিশপুরে স্থাপিত এ মিলটি ২০০২ সালের ৭ ডিসেম্বর চারদলীয় জোট সরকার বন্ধ ঘোষণা করে। এতে মিলের দেড় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন।দৌলতপুর জুট মিলের প্রকল্পপ্রধান মনোয়ার হোসেন মিয়া জানান, গত ২০ জানুয়ারি মন্ত্রণালয়ের সচিব ও বিজেএমসির চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শনে এসে মিলটি মার্চ মাসে চালু করা হবে বলে ঘোষণা দেন।দাদা ম্যাচ ফ্যাক্টরি সূত্রে জানা গেছে, সরকার ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে কারখানাটি ইজারা দেয়। কাঁচামাল ও আর্থিক সংকটের কারণ দেখিয়ে ২০১০ সালের ১৮ আগস্ট মালিকপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে। এতে বেকার হয়ে পড়েন সাড়ে ৭০০ শ্রমিক-কর্মচারী। বিসিআইসি মিলটি চালু করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি টাকা চাইলেও তা বরাদ্দ পায়নি।নগরের নিউমার্কেটের পাশে অবস্থিত খুলনা টেক্সটাইল মিলটি চারদলীয় জোট সরকার ১৯৯৩ সালের ১৯ জুন বন্ধ ঘোষণা করে। এতে বেকার হন দেড় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী। জমির মালিকানা ও মিলের শেয়ার দাবি করে উচ্চ আদালতে দুজন পৃথক দুটি মামলা করায় টেক্সটাইলপল্লি স্থাপনের কার্যক্রম থমকে গেছে।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর পরও বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করার বিষয়টি ঝুলে আছে। তা ছাড়া আবু নাসের হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও অধুনিকায়ন হয়নি। মংলা বন্দর এলাকায় নদীখনন ও রেলস্টেশনের আধুনিকায়ন না হওয়ায় খুলনার মানুষ হতাশ হয়েছে।বিসিআইসির চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, ‘নিউজপ্রিন্ট মিলের বিষয়ে একটি স্টাডি কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর বিষয়ে সম্প্রতি অর্থমন্ত্রীর সঙ্গে শিল্পমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ও খুলনার মেয়রের যৌথ সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আমাকে নতুন করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।’খুলনা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘শিগগির দৌলতপুর জুট মিল চালু হবে। নিউজপ্রিন্ট মিল চালুর জন্য কমিটি কাজ করছে। আর দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর জন্য আমি শ্রম প্রতিমন্ত্রীকে নিয়ে শিল্প ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তা ছাড়া দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর চালু করতে কিছু সময় তো লাগবেই।’