আইলাদুর্গত অঞ্চল সফরকালে কয়রা মহিলা কলেজকে জাতীয়করণের প্রধানমন্ত্রীর ঘোষণার এক বছর অতিক্রান্ত হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, উদ্যোগের অভাব ও দলাদলির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে নির্ধারিত টাকা জমাসহ সব নিয়ম মেনেই জি এম সোহরাব আলী তাঁর স্ত্রী জোবেদা খানমের নামে কয়রায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। এর পর থেকে কলেজটি এই এলাকায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রায় এক জনসমাবেশে কয়রা মহিলা কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ওই ঘোষণা বাস্তবায়নে ২০১০ সালের ৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এক পত্রে কয়রা মহিলা কলেজ জাতীয়করণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চার সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সব নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখতে বলেন। ওই কমিটি জানতে পারে, উপজেলায় কপোতাক্ষ মহাবিদ্যালয়, খান সাহেব কোমর উদ্দীন মহাবিদ্যালয় ও জোবেদা খানম মহিলা কলেজ নামে তিনটি কলেজ থাকলেও কয়রা মহিলা কলেজ নামে কোনো কলেজ নেই। এরপর পরবর্তী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়। কিন্তু কোনো নির্দেশনা আসেনি।জোবেদা খানম মহিলা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী রিনা সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে আমরা আনন্দ মিছিল করেছিলাম। পরবর্তী সময়ে সরকারীকরণ না হওয়ার জন্য অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলি। শুনেছি, নাম নিয়ে জটিলতার কারণে সরকারীকরণ থেমে আছে। আমরা নাম-ধাম বুঝি না, অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কয়রায় মহিলা কলেজ সরকারীকরণ বাস্তবায়িত হোক, এটা চাই।’জোবেদা খানম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান বলেন, মন্ত্রণালয়ের চিঠিতে সব নিয়োগ-পদোন্নতি বন্ধ রাখতে বলা হলেও একটি মহল উপাধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। কলেজ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই নিয়োগ হওয়ার পরই জাতীয়করণের চেষ্টা জোরদার করা হবে।নাম প্রকাশ না করে ওই কলেজের এক শিক্ষক বলেন, প্রধানমন্ত্রী একই দিনে কয়রা ও দাকোপ উপজেলার দুটি মহিলা কলেজ সরকারীকরণের ঘোষণা দেন। দাকোপে দুটি কলেজ বিতর্কে জড়ালেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু এখানকার নেতারা সমাধানের পথে না হেঁটে শুধু দলাদলি করছেন।কলেজ কমিটির সভাপতি জি এম মোহসীন রেজা বলেন, কলেজটি জাতীয়করণে যে দাপ্তরিক জটিলতা দেখা দিয়েছে, তা নিরসনের চেষ্টা চলছে। খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাংসদ সোহরাব আলী বলেন, কয়রা মহিলা কলেজ বলে কোনো কলেজ নেই। আছে জোবেদা খানম মহিলা ডিগ্রি কলেজ। এই নাম সংশোধনের জন্য তিনি দুবার মন্ত্রণালয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান।