প্রধানমন্ত্রীর ঘোষণায় জনমনে স্বস্তি: খেলাফত আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের কিছু অত্যুৎসাহী ও ইসলামবিদ্বেষী ব্যক্তি উঠেপড়ে লেগেছিল। কিন্তু ১৮ অক্টোবর প্রধানমন্ত্রীর ঘোষণায় জনমনে স্বস্তি এসেছে বলে মনে করে খেলাফত আন্দোলন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণাকে সতর্কতার সঙ্গে সাধুবাদ জানাই। তবে আমরা এখনো শঙ্কিত। কারণ, প্রধানমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টা যেতে না-যেতেই সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান বলেছেন, ধর্মকে ব্যবহার করে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।’সংবিধান সংশোধন করলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার থাকবে কি না, এ নিয়ে ধর্মভিত্তিক দলগুলোতে উৎকণ্ঠা রয়েছে। ১৮ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি থাকবে। সংবিধানে বিসমিল্লাহ্ ও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে।এরপর গতকাল খেলাফত আন্দোলন স্বস্তির কথা জানাল। একই সঙ্গে ইসলামবিরোধী নানা ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী কোরআনের বিপরীতে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি ফতোয়া নিষিদ্ধের কথা বলেছেন। বোরকা বাধ্যতামূলক করা যাবে না বলে উচ্চ আদালত রায় দিয়েছেন। বোরকার বিষয়ে কোরআনে কিছু বলা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খেলাফত আন্দোলনের মহাসচিব বলেন, ‘বোরকার কথা বলা নাই। তবে হিজাবের কথা আছে। আমরা বোরকার মাধ্যমে হিজাব নিশ্চিত করি।’হিজাবের বিষয়ে কোরআনে সরাসরি কী বলা হয়েছে—এ প্রশ্নের জবাবে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আরেক নেতা মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘কোরআনে বলা আছে, “তোমরা তোমাদের চাদরকে বক্ষদেশে টেনে দাও।” আবার বলা আছে, “তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ কোরো না।” বোরকা শব্দটা কোরআন শরিফে নেই। সৌন্দর্য প্রকাশ না করার বিষয়টি বোরকার মাধ্যমে করা যায়।’