প্রধানমন্ত্রীর চার উপদেষ্টার পদত্যাগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারজন উপদেষ্টা গতকাল সোমবার পদত্যাগ করেছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তাঁরা হলেন: জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী সন্ধ্যায় গণভবনে এই চার উপদেষ্টাকে ডেকে পাঠান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁরা পদত্যাগ করেন। এইচ টি ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হওয়ায় তিনি দলের নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ১১ উপদেষ্টার মধ্যে সাতজন পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এইচ টি ইমামকে নিয়ে আওয়ামী লীগের ভেতরেই নানা নেতিবাচক প্রচার আছে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের মূল হর্তাকর্তা। কুইক রেন্টাল নিয়েও তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায়। আলাউদ্দিন আহমেদ শারীরিকভাবে সুস্থ নন। তাঁর কাজ শুধু অফিসে যাওয়া-আসার মধ্যেই সীমিত। অন্যদিকে সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারির কারণে সবচেয়ে বেশি বিতর্কিত হন সৈয়দ মোদাচ্ছের আলী।