জাতিসংঘের মহাসচিব বান কি মুনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির জবাবের একটি খসড়া তৈরি হলেও চিঠিটি এখনো নিউইয়র্ক পাঠানো হয়নি। দেশের চলমান সংকটের সমাধানের ব্যাপারে সরকারের অবস্থান ওই চিঠিতে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন তাঁর জবাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে জানিয়েছে, চূড়ান্ত সংযোজন-বিয়োজন শেষে চলতি সপ্তাহে চিঠিটি জাতিসংঘ সদর দপ্তরে পাঠানো হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, বান কি মুনের চিঠির জবাবের খসড়া তৈরি করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব রাজনৈতিক সংকট সমাধানে বিরোধী দলের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে চিঠিতে কী বলা হচ্ছে, সে সম্পর্কে খসড়া তৈরির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি। তাঁরা আভাস দিয়েছেন, দেশজুড়ে বিএনপি-জামায়াতের পরিচালিত সহিংসতা ও তাণ্ডবের কথা তুলে ধরে সরকার যে সহিংসতার ব্যাপারে ন্যূনতম ছাড় দেবে না, সেটির উল্লেখ থাকবে। এমন এক পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না, সে প্রশ্নও চিঠিতে তোলা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আভাস দিয়েছেন, খসড়া চিঠিতে শেষ পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের মতামতের প্রতিফলন ঘটবে। ফলে চিঠিতে শেষ মুহূর্ত পর্যন্ত সংযোজন-বিয়োজন হওয়াটাই স্বাভাবিক।
এদিকে, সংলাপে বসার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের লেখা চিঠির জবাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে গত সপ্তাহে চিঠিটি পাঠানো হয়। তবে ওই চিঠিতে কী লেখা হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। এ বিষয়ে দলের কেউ উদ্ধৃত হয়ে কথা বলতেও রাজি হননি।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জাতিসংঘের মহাসচিবের চিঠির জবাব লিখতে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও বিএনপির পররাষ্ট্রবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত অপর একজন নেতাকে দায়িত্ব দেন। তাঁরা চিঠির মুসাবিদা করেন।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, চিঠিতে মূলত তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। প্রথমে জাতিসংঘের মহাসচিবের সংলাপের আহ্বানকে স্বাগত জানানো হয় এবং সংলাপের যেকোনো উদ্যোগকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। দ্বিতীয়ত, গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের আগে অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার উদ্যোগের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণমূলক সরকারের বিভিন্ন ঘটনা এবং নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধীদলীয় নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর গুম, খুন, মামলা-হামলার কিছু তথ্য এতে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা থেকে উত্তরণে সংলাপে বসতে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথক চিঠি দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এর প্রায় দুই সপ্তাহ পর চিঠি দুটি তাঁদের কাছে পৌঁছায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্র জানায়।