প্রধানমন্ত্রীর চিঠি হাতে পেল শীর্ষেন্দু

সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে লাগল। সহপাঠীরা শীর্ষেন্দুকে নিয়ে হইচই, নাচানাচিতে ব্যস্ত। ব্যস্ত সব শিক্ষক-কর্মচারীরাও। কেউ ব্যানার টাঙাচ্ছেন, কেউ অতিথিদের বসতে দিচ্ছেন। আগত-অভ্যাগত সবাই আনন্দিত, উচ্ছ্বসিত।
গতকাল সোমবার এ চিত্র ছিল পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের। এ স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস পায়রা নদের ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল। এর জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সেই চিঠি তুলে দেওয়া হয় শীর্ষেন্দুর হাতে। তাই এত আয়োজন।
বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিদ্যালয়ের মিলনায়তন। জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধিরা উপস্থিত হন মঞ্চে। শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে শীর্ষেন্দুর সঙ্গে আসেন তার মা শীলা রানী ও দাদা মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্র।
অনুষ্ঠানে শীর্ষেন্দু বলে, প্রধানমন্ত্রী সেতু নির্মাণ হবে বলে আশ্বস্ত করেছেন। সেতুটি নির্মিত হলে এই পথে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ অনেক কমে যাবে। সে পটুয়াখালীবাসীর পক্ষ হয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। এ সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।
শীর্ষেন্দুর মা শীলা রানী প্রধানমন্ত্রীসহ দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। তিনি প্রধানমন্ত্রীর চিঠিটি শীর্ষেন্দুর হাতে তুলে দেন। তিনি বলেন, ‘পটুয়াখালীবাসী শীর্ষেন্দুকে নিয়ে গর্বিত। শীর্ষেন্দু অনেক বড় হবে। এখন থেকে এ বিদ্যালয় শীর্ষেন্দুর লেখাপড়ার ব্যয় বহন করবে।’
জেলা পরিষদের প্রশাসক খান মেশারফ হোসেন শীর্ষেন্দুর লেখাপড়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ মৃধাও শীর্ষেন্দুর লেখাপড়ার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘শতবর্ষী ঐতিহ্যবাহী এ স্কুলের ছাত্র হিসেবে শীর্ষেন্দু যে কাজটি করে দেখাল, তা আমাদের গর্বিত করেছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকী, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন প্রমুখ।
গত ১৫ আগস্ট শীর্ষেন্দু বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিটি লেখে। এর জবাবে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, ‘স্নেহের শীর্ষেন্দু, তোমার চিঠি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তোমাকে আশ্বস্ত করছি।’