প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন আর্থিক সহায়তার ঘোষণা আসতে পারে
বাংলাদেশের সড়ক যোগাযোগসহ অবকাঠামো উন্নয়ন ও আর্থসামাজিক প্রকল্পে অর্থনৈতিক সহযোগিতার নতুন ঘোষণা দিতে পারে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময় এ ঘোষণার দেওয়ার কথা রয়েছে। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানায়।১৭ মার্চ পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং যাচ্ছেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আমন্ত্রণে এ সফরের সময় তিনি সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট হু জিনতাওসহ সে দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফর সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সভাপতিত্বে তাঁর দপ্তরে এক আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বেইজিংয়ে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোন বিষয়গুলো তোলা হবে, তা নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মূলত সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণে কোন কোন খাতে চীনের সহায়তা চাওয়া যেতে পারে সে বিষয়টি প্রাধান্য পায়। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্যসূচি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সরবরাহ ঋণের পরিবর্তে রাষ্ট্রীয় ঋণ-সহায়তা পাওয়া গেলে বড়পুকুরিয়ায় তৃতীয় বিদ্যুত্ প্রকল্প স্থাপনে সহায়তা চাওয়া যেতে পারে বলে অভিমত দেওয়া হয়।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইউরিয়া সার কারখানা স্থাপন, সপ্তম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, কৃষি খাতসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আছে। ঋণ ও মঞ্জুরি আকারে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিতে পারে চীন। এদিকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতির বিষয়টি চীন এবারের শীর্ষ বৈঠকে তুলবে বলে জানা গেছে। সম্প্রতি দেশের এ প্রধান বন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে বাংলাদেশ ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানকে তা ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রেক্ষাপটে চীন এবার বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সম্মতি চাইবে। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেলে চীন খুব সহজে ও কম দূরত্বে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন ছাড়া পণ্য নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছতে পারবে।