প্রধানমন্ত্রীর ছবি নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানকে আজ রোববার কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থানায় মামলা হওয়ার পর পুলিশ আজ তাঁকে কুষ্টিয়ার আদালতে নিয়ে যায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মেহেদী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’তে প্রধানমন্ত্রীর একটি ছবিতে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে গতকাল শনিবার তাঁকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ দাশ প্রথম আলোকে বলেন, মেহেদীকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।