প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে খালেদা জিয়ার ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টাঙিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির নিচে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি টাঙানো হয়েছিল। এই ছবি নিয়ে এলাকায় হইচই পড়ে গেলে ইউপি চেয়ারম্যান খালেদা জিয়ার ছবিটি সরিয়ে ফেলেন। খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার উপজেলা বিএনপির সহসভাপতি। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক জানান, গত শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি দেখতে পান, চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি নেই। বঙ্গবন্ধুর ছবির নিচে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি টাঙানো। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার লোকজন দিয়ে খালেদা জিয়ার ছবিটি সরিয়ে ফেলেন এবং বঙ্গবন্ধুর ছবির পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে দেন।এদিকে ইউপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে খালেদা জিয়ার ছবি টাঙানোর প্রতিবাদে গত শনিবার রাতে খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খন্দকার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তাঁকে হেয় করার জন্যই কে বা কারা এই কাজটি করেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন জানান, ঘটনার প্রাথমিক তদন্তে ওই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে বিএনপির চেয়ারপারসনের ছবি থাকার সত্যতা পাওয়া গেছে। ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।