প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায় জড়িত থাকার যে অভিযোগ বিরোধীদলীয় চিফ হুইপ করেছেন, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খাবীরুজ্জামান।গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খাবীরুজ্জামান এ দাবি করেন। তিনি বলেন, অবৈধ ভিওআইপির সঙ্গে জয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি তাঁর পরিচয় দিয়ে কোনো ব্যক্তিও বিটিসিএলে এসে কোনো ধরনের ভিওআইপি-সংশ্লিষ্ট যন্ত্রাংশ দাবি করেননি।খাবীরুজ্জামান বৈদেশিক কলের (ইনকামিং কল টার্মিনেশন রেট) দাম তিন থেকে কমিয়ে দেড় সেন্ট করারও সুপারিশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে এখনো ২০ শতাংশের বেশি অবৈধ ভিওআইপি কল হয়। বৈদেশিক কলের রেট কমানো হলে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলবে। শিগগিরই টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় কমিটি থেকে এ ধরনের একটি প্রস্তাব টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে পাঠানো হবে বলে তিনি জানান।বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক দেশে ভিওআইপি লাইসেন্স উন্মুক্ত করতে নির্দিষ্ট দামে বা ভাড়ায় যত বেশি ব্যক্তিকে সম্ভব ই-ওয়ান (ভিওআইপি-কাজের জন্য অবশ্য প্রয়োজনীয় যন্ত্রাংশ) সংযোগ দেওয়ার সুপারিশ করেন। তিনি বলেন, এতে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি রাজস্বও আসবে।