প্রধানমন্ত্রীর জনসভা আজ বরগুনাবাসীর নানা দাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬ মে বরগুনায় আসছেন। বরগুনায় বেকার তরুণ-তরুণীদের জন্য সরকারের নেওয়া ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। ওই দিন বেলা দুইটায় বরগুনা সার্কিট হাউস মাঠে এক জনসভায় তিনি ভাষণ দেবেন। প্রায় ১২ বছর পর বরগুনা জেলা সদরে প্রধানমন্ত্রী আসছেন। এর আগে ১৯৯৭ সালে তিনি বরগুনায় সফর করেন।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সামগ্রিক উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকা দক্ষিণ উপকূলের সিডর ও আইলাবিধ্বস্ত বরগুনা জেলায় দীর্ঘদিন পর কোনো প্রধানমন্ত্রীর আগমনে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে এলাকাবাসী।জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের পাশাপাশি স্থানীয় প্রশাসন কয়েক দিন ধরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে যেসব দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, তা-ও নির্ধারণ করে রাখা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা এসব দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে।যেসব দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপিত হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে তালতলীকে পূর্ণাঙ্গ উপজেলা, বরগুনা-বাকেরগঞ্জ সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ, সোনাকাটা-ছোনবুনিয়া, লালদিয়া, হরিণঘাটায় পর্যটনকেন্দ্র প্রতিষ্ঠা, পাথরঘাটায় দেশের বৃহৎ মৎস্য অবতরণ ও প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র স্থাপন, পায়রা নদীতে সেতু নির্মাণ, পাথরঘাটায় জাহাজ ভাঙা ও নির্মাণশিল্প পার্ক স্থাপন, বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, বরগুনা সরকারি কলেজের শিক্ষক-সংকট নিরসন, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ, কৃষিব্যবস্থার উন্নয়নে একফসলি জমিকে বহুফসলি করার উদ্যোগ, জেলেদের নিরাপত্তায় পূর্ণাঙ্গ কোস্টগার্ডের ঘাঁটি স্থাপন উল্লেখযোগ্য।এসব দাবিদাওয়া নিয়ে ১ মে রাতে বরগুনা প্রেসক্লাবে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সদরের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার।গোলাম সরোয়ার বলেন, ‘জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে যেসব প্রধান দাবি তুলে ধরা হবে, সেসব নিয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছি। তাঁরাও বেশ কিছু সুপারিশ করেছেন। এসব একত্র করে আমরা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব।’জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরগুনার মানুষের মধ্যে ব্যাপক আশাবাদের সৃষ্টি হয়েছে। কারণ, বরগুনায় এখন পর্যন্ত যতটুকু উন্নয়ন হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের হাতেই হয়েছে। এবারও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।