সিলেটে ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। ‘সিলেটের সুনাম অক্ষুণ্ন রাখতে’ ২৪ মার্চের জনসভা জনসমুদ্রে পরিণত করতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে আহ্বান জানিয়েছেন। জনসভার প্রস্তুতি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিলেটের সার্কিট হাউসে ১৪ দলের সভায় অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় অর্থমন্ত্রী জানান, ২৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে। এতে মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন। জনসভা সফল করতে ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। দেশ-বিদেশে সিলেটের একটি উচ্চ আসন রয়েছে। জনসভা সফল করে সিলেটের সেই সুনামের ধারা অক্ষুণ্ন রাখতে হবে।’ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।১৪ দলের সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সিলেটে এসে নগর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফেঞ্চুগঞ্জে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মিতব্য সার কারখানা, ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমারগাঁওয়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি কলমদর আলী, সাম্যবাদী দলের নেতা ধীরেন শিং, জাসদের নগর সভাপতি জাকির আহমদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকান্দার আলী।