চট্টগ্রামে কাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসা লোকজনকে দেড় থেকে দুই কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং চলাচলের পথে যানজট এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা থেকে আসার পর কর্ণফুলী তৃতীয় সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রীর শহরে ঢোকা পর্যন্ত দুই দফায় সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে গত রোববার দুপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে নিরাপত্তাসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আওয়ামী লীগের নেতারা বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় দুই লাখ লোক জমায়েতের পরিকল্পনা রয়েছে। পুলিশ কমিশনার মো. আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছাড়াও কর্ণফুলী গ্যাস কোম্পানি, আওয়ামী লীগ নেতা, জেলা আইনজীবী সমিতির নেতারাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শহরের দিক থেকে প্রধানমন্ত্রীর জনসভা অভিমুখী বাসসহ সব ধরনের যানবাহন পার্কিং করা হবে জনসভা স্থলের প্রায় দুই কিলোমিটার দূরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কল্পলোক আবাসিক এলাকার খালি জায়গায়। একইভাবে পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া থেকে জনসভায় যোগ দিতে আসা লোকজনভর্তি যানবাহন আটকে দেওয়া হবে আনোয়ারা ক্রসিংয়ে (চার রাস্তার মোড়ে)। ওই রাস্তায় এসব যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। নগর পুলিশের উপকমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটা কম সময় পারি কর্ণফুলী সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখব। এসব যানবাহনকে কালুরঘাট সেতু দিয়ে পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ বলেন, ‘সরকার গঠনের পর চট্টগ্রামে এটা প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। এ কারণে আমরা দুই লাখ লোক জমায়েতের পরিকল্পনা নিয়েছি।’চারটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী আগামী বুধবার চট্টগ্রাম আসছেন।