প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন পালিত হয়েছে। তবে আয়োজন ছিল সাদামাটা। দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার মাধ্যমে জন্মদিন পালিত হয়।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রাসহ প্রায় সব কর্মসূচি স্থগিত করা হয়। তবে মসজিদ, মন্দির, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনাসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গতকাল বুধবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
বিকেলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় গণভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমসহ গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে সংগঠনের কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা এবং সদ্য প্রয়াত সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়।