প্রধানমন্ত্রীর জন্মদিনে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি
২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন। তাঁর জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।কর্মসূচির মধ্যে রয়েছে: ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন তিলাওয়াত ও বাদ আসর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন। এ ছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন সাংসদ ইলিয়াস আলী মোল্লা, সাংসদ সানজিদা খানম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ।