প্রধানমন্ত্রীর জন্য ক্লাস-পরীক্ষা উৎসর্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে গতকাল বুধবার ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রলীগের কর্মীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দু-একটি বাদে কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, ঢাকা বাইপাস সড়ক উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরে আসেন। তাঁকে অভ্যর্থনা জানাতে বেলা ১১টার দিকে দুটি বাস ভাড়া করে ছাত্রলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে যান।সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস ও হলের পাশাপাশি মোবাইল ফোনে বিভিন্ন বিভাগের শ্রেণী প্রতিনিধিদের বলেন, তাঁরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাচ্ছেন। তাই সকাল সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা (সাপ্তাহিক) হবে না। তাঁদের কথামতো শ্রেণী প্রতিনিধিরা নিজ নিজ ক্লাসে গিয়ে এ ঘোষণা দেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রেণী প্রতিনিধি জানান, ঝামেলা এড়াতে তাঁরা ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এমনকি বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানাননি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস ছিল সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরীর। তিনি জানান, ‘ক্লাসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাই ক্লাস নিতে পারিনি।’ বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবহারিক ক্লাস ছিল সহযোগী অধ্যাপক আবদুল হান্নান মিয়ার। সেটিও হয়নি। হান্নান মিয়া বলেন, ক্লাসে গিয়ে তিনি কাউকে পাননি। দুপুর ১২টা ৫০ মিনিটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস ছিল গণিত বিভাগের প্রধান আজমল হোসেনের। তাঁর ক্লাসও হয়নি। আজমল হোসেন বলেন, ‘ক্লাস শুরুর আগে কয়েকজন ছাত্র আমার কাছে বলে, কী একটা প্রোগ্রাম আছে, তাই তারা ক্লাস করবে না।’এভাবে অন্যান্য বিভাগেরও ক্লাস হয়নি। শ্রেণীশিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী পাননি বলে জানান। পরীক্ষার বিষয়টিও তাই। প্রশ্নপত্র নিয়ে ক্লাসে গিয়ে কাউকে না পেয়ে ফিরে গেছেন শিক্ষকেরা।কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান আবুল কাশেম জানান, সকালের দিকে দু-একটা ক্লাস হয়েছে। এরপর শিক্ষকেরা তাঁকে জানান, ক্লাসে কোনো শিক্ষার্থী নেই।সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ছাত্রলীগের দেড় শর মতো কর্মী গেছেন। এই স্বল্পসংখ্যক কর্মীর জন্য অসংখ্য শিক্ষার্থীর জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। ছাত্রলীগের কর্মীদের হাতে তাঁরা জিম্মি হয়ে আছেন। এর আগেও তাঁদের কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়েছে একাধিকবার। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা আবদুল্লাহ আল মাসুম ও আরেক অংশের নেতা জয়দেব দাশ জানান, তাঁরা শিক্ষার্থীদের তাঁদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ক্লাস বা পরীক্ষা বন্ধের কোনো ঘোষণা দেননি। তাহলে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে গেল কেন—জানতে চাইলে এ দুই নেতা বলেন, এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলিম দাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস বা পরীক্ষা বন্ধের কোনো নোটিশ দেওয়া হয়নি।