প্রধানমন্ত্রীর জন্য সড়কটি কিছুটা হলেও সংস্কার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চটগ্রাম আসছেন। এ সময় তিনি কর্ণফুলী তৃতীয় সেতু, পটিয়া শিকলবাহা ১৫০ মেগাওয়াট নতুন বিদ্যুেকন্দ্রসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিদ্যুেকন্দ্র উদ্বোধন শেষে তিনি ১২ কিলোমিটার সড়কপথে পটিয়া-শিকলবাহা-কোলাগাঁও-শান্তিরহাট আরাকান সড়ক দিয়ে মইজ্যার টেকসংলগ্ন কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকায় আওয়ামী লীগের জনসভায় যাবেন। এ কারণে শিকলবাহা থেকে পটিয়া শান্তিরহাট পর্যন্ত অবহেলিত ছয় কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। পটিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু তালেব বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে পটিয়া শান্তিরহাট থেকে শিকলবাহা পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক অস্থায়ীভাবে মেরামত করা হচ্ছে। তবে এ জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। কাজ করে বিল দেওয়া হবে। স্থানীয় কোলাগাঁও ইউনিয়নের লালপুলের মুদি দোকানি আলী আকবর বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কার করা হচ্ছে। এভাবে প্রধানমন্ত্রী বারবার এলে আমাদের এলাকা আর অবহেলিত থাকত না। যে সড়ক দিয়ে একটি রিকশা, সিএনজিচালিত গাড়ি পর্যন্ত চলে না—প্রধানমন্ত্রী আসবেন বলে সেই সড়ক দিয়ে এখন গাড়ি চলবে। এতে কিছুদিন অন্তত সড়কটা ভালো থাকবে। সরেজমিনে দেখা গেছে, পটিয়া শান্তিরহাট থেকে শিকলবাহা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি জরুরি ভিত্তিতে এক সপ্তাহ ধরে সংস্কার করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সড়কের বড় বড় গর্ত ভরাটের কাজে ব্যস্ত শ্রমিকেরা।