ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, রানা প্লাজা ধসের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়া টাকার যে হিসাব টিআইবি দিয়েছে, সেটির সূত্র জাতীয় সংসদে দেওয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য। টিআইবি বলেছে, এটা সত্য যে রানা প্লাজার নামে প্রধানমন্ত্রীর কোনো বিশেষ ত্রাণ তহবিল নেই।
গতকাল বুধবার টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ কথা বলেন। আগের দিন মঙ্গলবার টিআইবির এক প্রতিবেদনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সংগৃহীত অর্থ সম্পর্কে বলা হয়, ‘...প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২৭ কোটি টাকা), যার মধ্যে অব্যবহৃত প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার (১০৮ কোটি টাকা)।’
টিআইবির এ বক্তব্যের পর প্রধানমন্ত্রীর প্রেস উইং ব্যাখ্যা দিয়েছে বলেছে, রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা কোনো তহবিল নেই এবং টিআইবির প্রতিবেদনে তহবিলে অব্যবহৃত অর্থ রয়েছে বলে যা জানানো হয়, তা সত্য নয়।
গতকালের বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এটা সত্য যে রানা প্লাজা নামে প্রধানমন্ত্রীর কোনো বিশেষ ত্রাণ তহবিল নেই। টিআইবির প্রতিবেদনেও এরূপ কোনো কথা বলা হয়নি। টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, রানা প্লাজা দুর্ঘটনা-পরবর্তী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২৭ কোটি টাকা সংগৃহীত হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ব্যয় হয়েছে মাত্র ১৯ কোটি টাকা। প্রকৃত অর্থে ১২৭ কোটি টাকাই ক্ষতিগ্রস্তদের প্রাপ্য। যার তথ্যসূত্র জাতীয় সংসদে দেওয়া কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বক্তব্য। ২০১৩ সালের ১৪ জুলাই সরকারদলীয় সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে বেগম মতিয়া চৌধুরী সংসদকে জানান, সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ত্রাণ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে জমা দেওয়া অর্থের পরিমাণ ১২৭ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪৯ টাকা; যা পরের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।