প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ ব্যাংকের ৪ লাখ কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন অঞ্চলে শীতে আক্রান্ত দুস্থ মানুষকে সহায়তার জন্য গতকাল সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৪ লাখ ৬ হাজার কম্বল দিয়েছে চারটি বেসরকারি ব্যাংক। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে কম্বলগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য জানিয়েছেন। কম্বল দান করা ব্যাংক চারটি হলো এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড (ইউবিএল), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য ব্যাংক চারটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, ইউবিএলের চেয়ারম্যান শহীদুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী।