প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন নিয়ন্ত্রিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে গতকাল মঙ্গলবার সকালে দেখা করে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তাঁর সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। আপনারা যাঁরা ১৯৭৩ সালের নির্বাচন দেখেননি, তাঁরা ওই নির্বাচন সম্পর্কে জেনে নেবেন। আওয়ামী লীগ কখনো ওয়াদা রক্ষা করে না। তারা জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করে। প্রধানমন্ত্রী থেকে শুরু হয় অসত্য ভাষণ।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একজন প্রার্থীর কাছে লোক পাঠিয়ে তাঁকে নির্বাচনে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সেল গঠন করে গাজীপুর নির্বাচন নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’এম কে আনোয়ার বলেন, ‘গাজীপুরে প্রায় ৪০০ দলীয় লোককে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিসি, এসপি ও ওসি সরকারের নির্দেশে কাজ করছেন। আমরা তাঁদের তালিকা কমিশনকে দিয়েছি এবং তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।’ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, প্রার্থী বা প্রার্থীদের পক্ষে আচরণবিধি লঙ্ঘনে কমিশন কঠোর হতে পারছে না। একজন কাউন্সিলর প্রার্থী টাকা বিতরণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। তাই সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে সেনা মোতায়েন জরুরি।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তাঁরা ভোট গ্রহণ শেষ হওয়ার পর কাউন্সিলরের আগে মেয়র পদপ্রার্থীর ভোট গণনার অনুরোধ জানিয়েছেন।দলীয় বিবেচনায় প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ প্রসঙ্গে সিইসি কাজী রকিব উদ্দীন বিকেলে সাংবাদিকদের বলেন, অভিযোগ পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রিসাইডিং অফিসারদের প্রত্যাহার করা হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন নিয়ন্ত্রণের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।