প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রভাব বিস্তারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের কাছে। সকাল সোয়া ১০টার দিকে বিএনপির এই দুই নেতা নির্বাচন কমিশনে যান। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাঁরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল খুলে সেখান থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন মনিটর করা হচ্ছে। নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয়ভাবে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার ও রুহুল কবির রিজভী। তাঁরা দাবি করেন, প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন এবং প্রভাব বিস্তার করছেন। ওই প্রিসাইডিং কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতারা। একই সঙ্গে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান ও ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান।সেখানে নির্বাচনী প্রচার শেষ হতে আর তিন দিন বাকি।৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেওয়া হবে।