লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জমি ইজারার অভিযোগ
প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্তের অপেক্ষায় সংসদীয় কমিটি
গত সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এখতিয়ারবহির্ভূতভাবে সরকারের যে জমি ইজারা দিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহাজোট সরকারের আগে মেয়াদে তখনকার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সরকারি জমি ইজারা দিয়েছেন। এ নিয়ে কমিটির সদস্যদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি তদন্ত কমিটি হয়েছে। সেজন্য আপাতত সংসদ থেকে কোনো কমিটি হচ্ছে না। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিবেদন পাওয়া গেলে প্রয়োজনে নতুন কমিটির সুপারিশ করা হবে।
২০১৩ সালের বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব ছাড়ার চার দিন আগে আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকার মতিঝিলের নিশাত জুট মিলের ১১ কাঠা ১৩ ছটাক জমি ৯৯ বছরের জন্য চট্টগ্রাম সমিতিকে ইজারা দিয়ে গেছেন। মন্ত্রণালয় এখন বলছে, এটি ছিল মন্ত্রীর এখতিয়ারবহির্ভূত কাজ। আব্দুল লতিফ সিদ্দিকী এখন ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী।
কমিটির সভাপতি আরও বলেন, দেশের পোশাক খাতকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রপ্তানি আয়ের মানদণ্ডে এটিই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। পোশাক খাত অন্তর্ভুক্ত হওয়ায় এই মন্ত্রণালয়ের পরিধি কেমন হবে, সে বিষয়ে কমিটিকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে পাটজাত পণ্যের চাহিদা বাড়াতে পলিথিন ব্যাগ তৈরির কাঁচামালের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করার সুপারিশ করা হয়েছে। তাতে পলিথিন ব্যাগের দাম বাড়বে এবং মানুষ পাটের তৈরি ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হবে।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, একরামুল করিম চৌধুরী, ফাহমী গোলন্দাজ, এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার অংশ নেন।