প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন নিহতের স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্রলীগ করায় আমার ভাইকে শিবির ক্যাডাররা প্রকাশ্যে গুলি করে হত্যা করে ১৩ বছর আগে। ঘটনার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাড়িতে এসে হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছিলেন। দুই দফায় ক্ষমতায় থাকলেও হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি। বিচার কবে শেষ হবে জানি না।’ প্রথম আলোর কাছে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরী হত্যা মামলার বাদী নিহত ব্যক্তির বড় ভাই শিক্ষক আলী নাছের চৌধুরী।
শুধু আলী মর্তুজার স্বজনেরা নন, উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খান এবং বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে মারার মামলায়ও স্বজনেরা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। কারণ, ঘটনার পর প্রধানমন্ত্রী চট্টগ্রাম ছুটে এসে দেশব্যাপী আলোচিত এ তিন হত্যা মামলার বিচার হবে বলে স্বজনদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। শেষ হয়নি মামলারগুলোর বিচার।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম বলেন, সাক্ষীরা হাজির না হওয়ায় মামলাগুলো ঝুলে আছে। সাক্ষীদের হাজির করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ চেষ্টা করছে।
নিহত ব্যক্তিদের পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুরে শীল পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য ডা. বিমল শীল বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার পর বাঁশখালী ছুটে এসে নির্মম এ হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি।
মামলার বাদী বিমল শীল প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের আমলে বিচার শেষ না হওয়ায় আশা ছেড়ে দিয়েছি। বিচার তো পেলামই না উল্টো ভিটেবাড়ি রক্ষা করা কঠিন হবে। আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।’
২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি হাটহাজারীর বড়িশ্চর এলাকায় ঈদুল আজহার দিন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খানকে বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায় শিবির ক্যাডার গিয়াস হাজারিকা, গিট্টু মানিক, হাবিব খান ও মুন্না।
এ ঘটনায় নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর মা বাদী হয়ে মামলা দায়ের করলেও ১০ বছরের বিচার শেষ হয়নি। ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন নিহত ব্যক্তিদের বাড়িতে। এ সময় নেত্রী নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর ১১ দিন বয়সের শিশুছেলে চিশতীকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে দুই পরিবারের দায়িত্ব আমি নিলাম। খুনিদের বিচারের আওতায় আনা হবে।’ কিন্তু শেখ হাসিনা দুই দফায় ক্ষমতায় থাকলেও বিচারের কোনো কিনারা হয়নি।
নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গত বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকার অনুদান পেয়েছিলাম। কিন্তু স্বামী হত্যার বিচার পাইনি। ছেলেমেয়েদের বলতে পারি না তাদের বাবা হত্যার বিচার কবে হবে।’