টেকনাফ ডিগ্রি কলেজকে সরকারীকরণের ঘোষণা দেওয়া হোক প্রধানমন্ত্রীর এবারের সফরের সময়ই। কক্সবাজারের টেকনাফ উপজেলার শিক্ষার্থী, রাজনীতিবিদ এবং অভিভাবকদের এমনই দাবি।
আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজারের উখিয়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকনাফের শিক্ষানুরাগী মানুষজনের প্রত্যাশা এলাকার শিক্ষার প্রসারের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী কলেজটি সরকারীকরণের ঘোষণা দেবেন।
পাঁচ একর জমির ওপর ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারীকরণের দাবি দীর্ঘদিনের। কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিক বলেন, ‘টেকনাফের প্রথম কলেজ এটি। বর্তমানে কলেজটিতে ৩২ জন শিক্ষক এ ছাড়া ৮০০ শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া ছয়টি একাডেমিক ভবনসহ উচ্চশিক্ষার অবকাঠামোও রয়েছে। এলাকার বহু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর একমাত্র ভরসা এই কলেজ। কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সামর্থ্য তাদের নেই। এ জন্য আমরা চাই প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরুল বশর বলেন, ‘কলেজটি সরকারীকরণ দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ায় সফরের সময় আমাদের প্রত্যাশা পূরণ করবেন বলে আমার বিশ্বাস।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘পুরো উপজেলার শিক্ষার হার মাত্র ১৯ শতাংশ। কলেজটি সরকারীকরণ করা হলে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালি বলেন, কলেজটি সরকারীকরণ করা এ উপজেলার তিন লাখের বেশি মানুষের প্রাণের দাবি।