প্রধানমন্ত্রীর দিল্লি সফর আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত বাংলাদেশভারত শীর্ষ বৈঠককে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মনে করে, আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক থাকাটা জরুরি।ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী মন্ত্রী প্যাট্রিক এস মুন গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।বাংলাদেশে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে প্যাট্রিক এস মুন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে তাঁদের দপ্তরে দেখা করেন। সকালে তিনি পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে মুন সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে এখানকার কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, ‘সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বৈঠক হয়েছে, যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানায়। আমরা মনে করি, এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের বৈঠকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা এই অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। তাদের এ প্রয়াসকে আমরা স্বাগত জানাই।’কসোভোর স্বীকৃতি নিয়ে কথা বলেছেন কি না, জানতে চাইলে প্যাট্রিক এস মুন বলেন, ‘বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ কসোভোকে স্বীকৃতি দিচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশেরও তাদের সঙ্গে যোগ দেওয়া দরকার।’যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কী জানিয়েছে, এমন প্রশ্ন করা হলে মুন বলেন, ‘কসোভোকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাংলাদেশ বিবেচনা করছে বলে আমাকে বলা হয়েছে।’ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতে মানবিক সাহায্য কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশংসা করে মুন বলেন, বাংলাদেশ যেভাবে দেশটিতে অতিরিক্ত জনবল পাঠিয়েছে, তা প্রশংসনীয়।প্যাট্রিক এস মুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার সময় বাণিজ্য ও বিনিয়োগের রূপরেখা চুক্তি (টিফা) সইয়ের প্রসঙ্গটি তোলেন। তিনি এ সময় টিফা সইসহ দুই দেশের অর্থনৈতিক বন্ধন বাড়ানোর মাধ্যমে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে কথা বলেন। পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলোচনার সময় পরিবেশগত বিষয়গুলোতে দুই দেশের সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে মুন কথা বলেন।প্যাট্রিক এস মুন গত বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। আজ শুক্রবার বিকেলে তাঁর ঢাকা ছাড়ার কথা।