প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে কথা বলতে আসছেন জয়শঙ্কর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে দুই দফা পেছানোর পর শেখ হাসিনার সফরটি এখন এপ্রিলের শুরুতে আয়োজনের চেষ্টা করছে দুই দেশ।
ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেছেন। এ সময় তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর দিল্লি সফর ও ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফর নিয়ে কথা হয়েছে।
গতকাল ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে জানা গেছে, ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর বেইজিং থেকে দিল্লি ফেরার পথে ঢাকা সফর করবেন।
ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর ২৩ তারিখ ঢাকায় আসছেন কি না, জানতে চাইলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘আমি জানি না, আপনারাই বলছেন। কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দুই ঘণ্টার নোটিশেও যেকোনো সফর হতে পারে। দুই পক্ষের মধ্যে অনেকগুলো সফর বিনিময় হওয়া উচিত। এই প্রেক্ষাপটে পররাষ্ট্রসচিবসহ ভারত থেকে অনেকের সফর হতে পারে।’
প্রধানমন্ত্রী কবে দিল্লি যাচ্ছেন জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের হাইকমিশনার। তবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এ নিয়ে কাজ এগোচ্ছে।
শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে দুই দেশ প্রস্তুতি শুরু করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লড়াইয়ে তিস্তার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। টাইমস অব ইন্ডিয়ার গত রোববারের এক খবরে বলা হয়েছে, ২০১৫ সালের জুনে ঢাকায় মোদির সফরসঙ্গী মমতা তিস্তার পানি বণ্টন চুক্তি ও গঙ্গা ব্যারাজ নির্মাণ নিয়ে আলোচনা শেষ করতে রাজি হয়েছিলেন। কিন্তু এ দুই প্রকল্পের একটির ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কারণে দুই বিষয় নিয়ে আলোচনা এগোচ্ছে না।
‘মমতা ব্যানার্জি-নরেন্দ্র মোদি ওয়ার কিপস তিস্তা ওয়াটার প্যাক্ট অন হোল্ড’ শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, তিস্তা চুক্তিতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মমতা বিশ্বাস করেন। তাই গত পাঁচ বছরে এই চুক্তি এগোয়নি। কিন্তু গঙ্গা ব্যারাজ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একগুঁয়েমি অপেক্ষাকৃত অস্পষ্ট। কারণ ব্যারাজটি তৈরি হলে পশ্চিমবঙ্গ সেচ ও পানি সংরক্ষণের দিক থেকে লাভবান হতে পারে।
এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, গঙ্গা ব্যারাজ নিয়ে মমতা ব্যানার্জি বেশ কয়েকজন নদী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অনেকের মতে, গঙ্গা ব্যারাজ হলে পানি বাড়লেও তা ব্যবহারের নিয়ন্ত্রণ রাজ্যের হাতে থাকবে না। ফলে এক দিকে পানি বেশি জমা হলে যেমন আশপাশের এলাকা প্লাবিত হতে পারে, তেমনি হঠাৎ বাংলাদেশ তাদের বাঁধ থেকে পানি ছাড়লে গঙ্গার পানি কমে যাবে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ফরাক্কার ২০০ কিলোমিটারের মধ্যে আরও একটি বাঁধ হলে নদীয়া-মুর্শিদাবাদে ভাঙন সমস্যাও বাড়তে পারে। এসব যুক্তিতেই গঙ্গা ব্যারাজের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ। রাজ্যের এই অবস্থান ইতিমধ্যেই কেন্দ্রকে জানানো হয়েছে।
দুই দেশের কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে জানা গেছে, ডিসেম্বরে সময়সূচির জটিলতাকে কারণ দেখিয়ে সফরটি পিছিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এবার ফেব্রুয়ারি ও মার্চে পাঁচ রাজ্যের বিধানসভার কারণে সফর পিছিয়ে নিচ্ছে ভারত। দুই পক্ষ সময়ের জটিলতা ও স্থানীয় নির্বাচনকে প্রধান কারণ হিসেবে বললেও ডিসেম্বরের মতো ফেব্রুয়ারিতেও তিস্তা নিয়ে অনিশ্চয়তাই সফর পেছানোতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়টিকে সফরের পূর্বশর্ত হিসেবে জুড়ে না দিলেও শেখ হাসিনার সফরে অভিন্ন নদীটির পানি বণ্টনে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩ জানুয়ারি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতামতের পর প্রধানমন্ত্রীর সফরে অন্তত ২০টি চুক্তি, সমঝোতা স্মারক ও সম্মতিপত্র সইয়ের জন্য চূড়ান্ত করা হয়।