প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সারা দেশে দোয়া অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির বিষয়টি ষড়যন্ত্র, দুর্ঘটনা না অবহেলা, তা এই মুহূর্তে বলা যাবে না। এতে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। তবে প্রাথমিক তদন্তে উদাসীনতার জন্য কয়েকজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই দিন আমাদের ইতিহাসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেদিন মহাসংকটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসতে পারত। আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে। তাই সারা দেশে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তাঁর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।’
এর আগে দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধমন্দিরে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল নয়টায় মিরপুরের সেনপাড়ায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসব প্রার্থনা সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, নোয়াখালী, বাগেরহাট, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নের সব মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রর্থনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি যাওয়ার পথে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তুর্কমিনিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনার পর তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।